২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল টোয়েন্টিফোরের শুনানি ৬ নভেম্বর

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিয়ে অনুষ্ঠানে আলোচনার জন্য চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ৬ নভেম্বর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

চ্যানেল টোয়েন্টিফোরের ওই অনুষ্ঠানে আলোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজ উল্লাহ।

বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে গত ২৬ সেপ্টেম্বর দুজনকেই আদেশ দিয়েছিলিআদালত। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছিল তাদেরসহ টেলিভিশন কর্তৃপক্ষকে।

আদালতের আদেশে জাফরুল্লাহ চৌধুরী হাজির হলেও সাংবাদিক মাহফুজ উল্লাহ দেশে না থাকায় তার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন তিন সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন।

জাফরুল্লাহ লিখিত জবাব দাখিল করেন এবং তিনি নিজেই এ বিষয়ে শুনানি করবেন বলে জানান।

তখন বিচারক তাকে বলেন, “আপনি লিখিত আবেদন করেন।”

এরপর তিনি আদালতে বসেই সাদা কাগজে লিখে একটি আবেদন করেন।

চ্যানেল টোয়েন্টিফোরের পক্ষে আইনজীবী ছিলেন মো. আসাদুজ্জামান।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

গত ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনটির ‘মক্তবাক’ অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আটজনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউটর জিয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।

তাদের আবেদনে বলা হয়, টেলিভিশনে প্রচারিত ওই অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত বছরের ৪ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গত ১৫ অগাস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে মন্তব্য করেন ওই পর্বের আলোচক জাফরউল্লাহ চৌধুরী ও মাহফুজ উল্লাহ।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ইতোমধ্যে হয়েছে। গত ১ অক্টোবর দেয়া রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।