২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা করবেন শাঁখারী বাজারের হিন্দুরা

সরকারের আশ্বাসে দুর্গাপূজা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে উৎসবে অংশ নিচ্ছেন পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শাঁখারী বাজার ভূমি রক্ষা কমিটির আহবায়ক ঊর্ধ্ব দাশ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের সঙ্গে  আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে।

“এর পরিপ্রেক্ষিতেই আমরা ভাবলাম, তাহলে পূজা করতে কোনো সমস্যা নেই।”

দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

শাঁখারী বাজারের ১৪২টি ভবনকে ‘ঐতিহ্য’ ঘোষণা করায় পুরানো জরাজীর্ণ এসব ভবন মেরামত করতে পারছেন না মালিকরা। ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণেও আছে নিষেধাজ্ঞা।

এর প্রতিবাদেই শারদীয় দুর্গোৎসব বর্জনের ঘোষণা দিয়েছিলেন তারা।

ঊর্ধ্ব দাশ বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হেরিটেজ ঘোষণার বিষয়টি তারা পুনঃবিবেচনা করবেন।”

রাজধানী ঢাকার প্রায় ৪০০ বছরের পুরনো এ এলাকার নামটি এসেছে শাঁখারীদের পেশা থেকে। শাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত।

শাঁখা, সিঁদুর থেকে শুরু করে পূজার যে কোনো সামগ্রী পাওয়া যায় এ বাজারে। বর্তমানে প্রায় ২০ হাজার হিন্দু বসবাস করছেন শাঁখারী বাজারে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে এ এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী। অনেকগুলো ভবনে অগ্নিসংযোগ করা হয়, যার স্বাক্ষর এখনো বহন করছে শাঁখারী বাজার।

এ এলাকাটিকে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ২০০৯ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের ২০ কোটি টাকায় একটি প্রকল্প চালু হয়।

এর আওতায় শাঁখারী বাজারের ঝুকিপূর্ণ ভবনগুলোর সংস্কার এবং পয়নিষ্কাশনসহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি।