ভ্রাম্যমাণ আদালতে ৫ শিবিরকর্মীর সাজা
পুলিশের ওপর হামলার দায়ে পাঁচ শিবিরকর্মীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এই পাঁচজন হলেন- আব্দুল্লাহ মুহাম্মদ সিফাত (২৭), মো. সোয়েব আহম্মেদ (১৮), মো. বোরহান উদ্দিন (২০), মো. মুশফিকুর রহমান (২২) ও মো. ইলিয়াছ (২১)।
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার এলাকায় ২০/২৫ জন শিবিরকর্মী ঝটিকা মিছিল বের করে। ওই মিছিল থেকে পুলিশের দিকে হাতবোমা ও ঢিল ছোড়া হয়।
পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।
ঘটনাস্থলে উপস্থিত হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবুল কালাম গ্রেপ্তার পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দেন বলে আবু ইউসুফ জানান।
সংগঠনের সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে সকালে রাজধানীর কমলাপুর ও মহাখালীতেও হাতবোমা ফাটিয়ে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির কর্মীরা। এছাড়া রাজশাহী ও ঝিনাইদহে শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে দুই পুলিশসহ অন্তত দশজন আহত হন।
