বেসরকারি প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল দেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় ‘এক্মিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’; যার মাধ্যমে উচ্চতর কৃষি শিক্ষায় একটি নতুন দ্বার উন্মুক্ত হল।
গণভবনে বুধবার দেশের এ বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার খাদ্য উৎপাদনে গবেষণায় যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
“জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে খাদ্যের যে চাহিদা বাড়ছে তাতে খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।”
শেখ হাসিনা বলেন, তার আগের সরকার (১৯৯৬-২০০১) কৃষি গবেষণার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। কিন্তু পরবর্তী বিএনপি-জামায়াত সরকার তার ধারাবাহিকতা ধরে রাখেনি।
“গবেষণায় আমাদের গুরুত্বের কারণেই শীতকালীন সবজি বর্ষাকালেও পাওয়া যায়।”
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বন্যা, খরা এবং লবণাক্ততা সহনশীল ধানের জাত আবিষ্কার হয়েছে এই সময়েই।
দেশের রপ্তানি আয় বাড়াতে কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ার ওপর জোর দেন তিনি।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয় এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ,এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলি মিয়া অনুষ্ঠানে ছিলেন।
