২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির ফাঁদে বেনাপোল বন্দর

পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটি নিয়ে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে স্থলবন্দর বেনাপোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 07:12 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এতে সীমান্তের দুপাশের ট্রাকজট আরও বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তাদের রাজ্য সরকার।

ছুটির কারণে এ সময় পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে।

তবে বন্দর, কাস্টমস ও ওপারের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, ০৯ অক্টোবর দুপুরের পর পেট্রাপোল কাস্টমস ও বন্দর কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে।

১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুর্গা পূজার ছুটি, ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ঈদের ছুটি, এরপর শুক্র ও শনিবার এপারে সাপ্তাহিক ছুটি এবং রোববার ওপারে সাপ্তাহিক ছুটি।

২১ অক্টোবর সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে জানান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১০ অক্টোবর বেনাপোল বন্দর ও শুল্ক বিভাগ খোলা থাকলেও পরদিন থেকে টানা সরকারি ছুটি থাকায় বন্দরের সব কর্মকাণ্ড থাকবে মন্থর।

এদিকে সীমান্তের দুই পাশের ট্রাকজট টানা ছুটির কারণে আরো বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ঠরা।

বেনাপোলের মতোই পেট্রাপোলেও ট্রাকজট রয়েছে বলে জানান পেট্রাপোলের কার্ত্তিক চক্রবর্তী।

“দীর্ঘ ছুটির কারণে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে  ছুটি শেষে। এতে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে।”

ওপারে বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ’ ট্রাক অপেক্ষা করছে বলে জানান তিনি।