আলীম ট্রাইব্যুনালে
যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।
বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে একটি সাদা রংয়ের অ্যাম্বুলেন্সে করে একাত্তরের এই মুসলিম লীগ নেতাকে হাই কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনালে নেয়া হয় বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার।
ট্রাইব্যুনালে উপস্থিত আমাদের প্রতিবেদক সুলাইমান নিলয় জানান, আলীমকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি ও ফতুয়া।
সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করবে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২।
একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল আলীমের বিরুদ্ধে।
রায়কে ঘিরে সকার থেকেই সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রবেশ পথে দুই সারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ।
এছাড়া হাই কোর্টে যারাই প্রবেশ করছেন, তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান।
পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা তৎপর আছেন।
