২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার

বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তজার্তিক ট্রাইব্যুনাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:40 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

পুলিশ বলছে, যে কোনো ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করবে।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া আগের রায়ের দিনগুলোর মতো এদিন হাইকোর্ট এলাকার সবগুলো প্রবেশপথে পুলিশের ব্যারিকেড চোখে পড়েনি।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, হরতাল থাকলে সাধারণত সচিবালয়, প্রেসক্লাব, বঙ্গবাজার মোড়, দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড দেয়া হয়।

হরতাল না থাকায় বিশৃঙ্খলা এড়াতে কেবল দোয়েল চত্বর ও হাইকোর্টের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে।

সকালে ট্রাইব্যুনালের আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় প্রেসক্লাব মোড়, বঙ্গবাজার ও সচিবালয় সংলগ্ন সড়কগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।

ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে পুলিশ। হাইকোর্টে যারা প্রবেশ করছেন বা করতে চাইছেন- তাদের জিজ্ঞাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

কাছেই অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিষ্ট্রার অরুনাভ চক্রবর্তী বলেন, প্রতিবারের মতো এবারো পুলিশকে সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়েছে।

পুরনো খবর:

এবার আলীমের যুদ্ধাপরাধের রায়