ব্র্যাক ব্যাংকের টাকা ছিনতাই: আটক ৯
সিলেটের দক্ষিণ সুরমায় ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে আটক করেছে র্যাব।
সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক এম রাশেদ সাত্তার জানান, তদন্তে ডাকাতির সঙ্গে ব্র্যাক ব্যাংকের গাড়ির চালক সোহেল আহমদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রথমে তাকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে আরো পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের একলাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মূল পরিকল্পনাকারীকে সনাক্ত করা গেলেও এখনো তাকে ধরা সম্ভব হয়নি। তবে তার বাসা থেকে ছিনতাইয়ের টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে।
তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি এল র্যাব কর্মকর্তা জানান।
আটকরা হলেন সুজন মিয়া, সোহেল আহমদ, আজিজুল হক আরজু, আমির হোসেন হাজারী, এনাম আহমদ ও আজাদ রহমান।
এদিকে পুলিশও ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত।
এরা হলেন হাসানুজ্জামান ইস্পাহানী, কুদ্দুস আহমদ ও ইমরান আহমদ। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকা থেকে ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
