২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের আগে যুদ্ধাপরাধীদের রায় কর্যকরের দাবি

বিজয় দিবসের আগে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক’ ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

নীল দলের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, “কোন কালক্ষেপণ নয়, যে সমস্ত যুদ্ধাপরাধীদের ফঁসির রায় হয়েছে আমরা তার দ্রুত কার্যকর চাই। আমরা যুদ্ধপরাধী মুক্ত বাংলাদেশ দেখতে চাই। 

“আওয়ামী লীগ সরকার যেভাবে বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করেছে, সেভাবে এই যুদ্ধাপরাধীদের রায় ও খুব দ্রুত কার্যকর করবে বলে আমার বিশ্বাস।”

এ সময় জামায়াত শিবির নিষিদ্ধেরও দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই সভাপতি।

অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “ঐতিহাসিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। আগামীতে নির্বাচনে বিএনপি-জামায়াত বা তৃতীয় শক্তি ক্ষমতায় এলে এ রায় কার্যকর হবে না। তাই রায় দ্রুত কার্যকর করতে হবে।”

শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান বলেন, “যুদ্ধাপরাধীরা আমাদের দেশের বুদ্ধিজীবীসহ নানা শ্রেণির অনেক মানুষকে হত্যা করেছে। তাই আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে যেসব যুদ্ধাপরাধীর রায় হয়েছে তাদের রায় কার্যকর করা হোক।”

নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার সঞ্চালনায় জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আজিজুর রহমান, সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল, জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।