২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীর গায়ে কেরসিন ঢেলে আগুন দিয়েছেন এক ব্যক্তি। অগ্নিদগ্ধ ওই গৃহবধূ প্রায় ২৪ ঘণ্টা যাতনা সয়ে সোমবার রাতে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 12:38 AM

Updated : 23 Aug 2022, 07:03 PM

দুই সন্তানের জননী লাবনী আক্তারকে (২৭) হত্যার অভিযোগে তার স্বামী মানিক চানের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মানিক ঘটনার পর তেকে পলাতক।

স্বামী মানিকের সঙ্গে জুরাইন মেডিকেল রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন লাবনী। সেখানেই রোববার রাতে তার গায়ে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

আগুনে লাবনীর শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

লাবনীর বড় বোন লিজা আক্তার হাসপাতালে সাংবাদিকদের বলেন, মানিক প্রায়ই তার বোনকে বাবার কাছ থেকে মাদকের টাকা নিতে চাপ দিত। টাকা না দিলে লাবনীকে পুড়িয়ে মারবে বলেও হুমকি দিয়েছিল।

লাবনী মাঝেমধ্যে বাবার কাছ থেকে এক হাজার টাকা করে এনে দিত বলে জানান তিনি।

লিজা বলেন, “রোববারও মানিক মাদক কিনতে টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না আনায় রাত ১টার দিকে লাবনীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীরের অর্ধাংশের বেশি পোড়া অবস্থায় লাবনীকে আনা হয় হাসপাতালে। সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

কদমতলী থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে মানিক পলাতক রয়েছে।

লাবনীর বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানায়। তার বাবা হেলাল খান গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি দোকানের কর্মচারী।

মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে হেলাল কদমতলী থানায় মানিক চানের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি হয় লাবনীর মৃত্যুর আগে, এখন এটি হত্যামামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ জানিয়েছে।

১২ বছর আগে লাবনীর বিয়ে হয়। ছয় ও দুই বছর বয়সি দুটি ছেলে রয়েছে তার।

হেলাল বলেন, দুই বছর আগে ইয়াবার নেশা ধরে মানিক। টাকার জন্য প্রায়ই সে লাবনীকে মারধর করত।

কদমতলী থানার ওসি মাযহার বলেন, মানিক এলাকার ‘মাদকাসক্ত’ হিসেবে পরিচিত।