২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত পালানো আসামি অন্য আদালতে গ্রেপ্তার

পুলিশ হেফাজতে বিচারিক আদালতে হাজির করার পর পালানোর মামলায় হাই কোর্টে জামিন চাইতে এসে গ্রেপ্তার হলেন মহিউদ্দিন ইসলাম রনি নামে এক ব্যক্তি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 11:48 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ আদালতে জামিন চাইতে আসার পর আদালত তাকে গ্রেপ্তার করিয়ে দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এসএম মুনীর। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।

গাজী মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই আসামির বিরুদ্ধে গত ৩ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে আদালত নেয়া হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখানে জামিন চাইতে আসা অন্য আসামিদের সঙ্গে তিনি চলে যান।

“আজ তিনি জামিনের জন্য হাই কোর্টে এলে আদালত তাকে পুলিশ ডেকে গ্রেপ্তার করিয়ে দেয়,”, বলেন মামুনুর।