রাবি উপাচার্যকে ‘অপসারণের হুমকি’
দলীয় নেতাকর্মীদের নিয়োগ তালিকা না নেয়ায় রাবি উপাচার্যকে অপসারণের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এক যুবলীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠলেও হুমকি দেয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি ডব্লিউ সরকার সোমবার দুপুরে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে দেখা করে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পদে নিয়োগের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মহানগর যুবলীগ সভাপতি ডব্লিউ সরকার কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে নিয়োগের জন্য কয়েকজনের নামের একটি তালিকা দেয়ার চেষ্টা করেন।
উপাচার্য তা নিতে অপারগতা প্রকাশ করলে তাকে অপসারণ করার হুমকি দেন বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে যদি উপাচার্যকে হুমকি ধামকি দিয়ে অসৎ কাজে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীনভাবে চালানো সম্ভব হবে না।
যুবলীগ নেতা ডব্লিউ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গত প্রশাসনের সময়ে এক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নিয়ে বর্তমান উপাচার্যের সঙ্গে স্বাক্ষাৎ করেছি।
“উনাকে আমি কয়েকজনকে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করেছি, কিন্তু কোনো হুমকি দিইনি।”
এই বিষয়ে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করে আসছি।
“এই অবস্থায় কেউ যদি এসে আমাকে কোনো কাজ করার জন্য তাগদা দেয় সেটা শোভনীয় বিষয় হতে পারে না।”
“আমি ওই নেতার কাছ থেকে এই ধরনের ঘটনা প্রত্যাশা করিনি,” বলেন তিনি।
