২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি সাকার আইনজীবী ফখরুল

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলামের আগাম জামিন আবেদন মঞ্জুর করেনি হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি হাবিবুল গণির বেঞ্চ সোমবার ফখরুলের ওই আবেদন খারিজ করতে চাইলেও পরে তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের অনুরোধে আবেদনটি ফেরত দিয়ে দেয়।

‘অন্য কোনো আদালতে জামিন চাওয়া যাবে’ বলে ওই আবেদনের ওপর লিখে দিয়েছেন বিচারক।

আগাম জামিনের ওই আবেদনের শুনানির সময় ফখরুলও আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন।

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

একাত্তরে গণহত্যার জন্য গত ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তবে ওই রায় আগেই ফাঁস হয়েছে বলে দাবি তোলে দণ্ডিতের পরিবার। একটি ওয়েসসাইটে প্রকাশিত কথিত রায়ের অনুলিপিও দেখায় তারা।

পরদিন ট্রাইব্যুনাল স্বীকার করে যে, খসড়া রায়ের একটি অংশ ফাঁস হয়েছে। একথা জানিয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

ওই জিডির তদন্তের ভিত্তিতে পরে তথ্যপ্রযুক্তি আইনে তিনজনকে আসামি করে একটি মামলা হয়।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গত শুক্রবার বলা হয়, ট্রাইবুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়নকে টাকার লোভ দেখিয়ে রায়ের খসড়া কম্পিউটার থেকে পেনড্রাইভের মাধ্যমে নিয়েছেন এক আইনজীবীর সহকারী। আর তাতে সহযোগিতা করেন ট্রাইব্যুনালের এক কর্মচারী (ফারুক)।

একই দিনে রাজধানীর কাকরাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয় থেকে দুটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্র জব্দ করে পুলিশ।

রায় ফাঁসের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং সাঁটলিপিকার ফারুক হোসেনকে গত শনিবার আট দিনের রিমান্ডে পাঠায় হাকিম আদালত। ফখরুলের সহকারী মেহেদি হাসানও এ মামলার আসামি।

২০১০ সালে ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়েছিলেন এই আইনজীবী ফখরুল ইসলাম। ২০১২ সালের ০৮ ডিসেম্বর কুমিল্লার একটি আদালতে তার বিরুদ্ধে ওই মামলা হয়।

রাষ্ট্রদ্রোহিতার মামলার বিবরণীতে বলা হয়, “২০১০ সালের ২২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘একাত্তর সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়নি’।”

পরে বিভিন্ন সময়ে তিনি একই মন্তব্য করেছেন বলেও মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।

ওই মন্তব্যের পর জার্নালিস্ট ফোরাম অব কুমিল্লার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান কুমিল্লার একটি আদালতে এ মামলা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় মামলাটি আদালত খারিজ করে দেয়। পরে অনুমতি দেওয়া হলে কুমিল্লা কোতোয়ালি থানা ওই মামলা গ্রহণ করে।

পুরনো খবর:

‘অর্থের লোভ দেখিয়ে খসড়া রায় ফাঁস’
সাকার আইনজীবীর অফিসের কম্পিউটার জব্দ
যুদ্ধাপরাধের রায় ফাঁস: গ্রেপ্তার দুজন রিমান্ডে