পায়রা সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদিত
পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনের জন্য তৈরি খসড়া আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, শিল্প-বাণিজ্য সুবিধা বাড়াতে এবং আঞ্চলিক বৈষম্য দূরে করতেই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনে আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।
সমুদ্রবন্দরটি রাবনাবাদ চ্যানেলে হলেও শান্তির প্রতীক পায়রার নামে এর রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) নির্মিতব্য এ সমুদ্র বন্দর প্রকল্পের জন্য বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করা হবে।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকারে আইন
অটিজম প্রতিবন্ধীদের অধিকার ও কল্যাণের জন্য নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, গত ২ সেপ্টেম্বর স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধি ব্যক্তির অধিকারের এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল।
প্রতিবন্ধীদের সনাক্তকরণ, প্রতিবন্ধিতার মাত্রা নিরূপণ, সহায়তা দেয়া, পারিবারিক সুবিধা বঞ্চিতদের জীবনব্যাপী পরিচর্যা, অভিভাবকদের মৃত্যুর পরে পরিচর্যা, নিরাপত্তা ও পুর্নবাসনসহ বিভিন্ন বিষয় এই আইনে রয়েছে বলে তখন জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “এটাকে গাইড করার জন্য প্রধানমন্ত্রীর নেত্বেতে একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এতে ১৩ জন মন্ত্রীসহ অন্য কর্মকর্তারা থাকবেন। তবে প্রধানমন্ত্রী চাইলে কোনো মন্ত্রীকে এই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারবেন।”
এই আইনের আওতায় বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে বলেও জানান তিনি।
পাটখাতে ৬০০ কোটি টাকা ঋণ
পাট শিল্পের উন্নয়নে ব্যাংকিং খাত থেকে ৬০০ কোটি টাকা ঋণ দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, পাটখাতকে বিশেষ গুরুত্ব দিতে বস্ত্র ও পাটমন্ত্রীর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দেন।
তবে কতদিনে এ ঋণ দেয়া হবে বা কীভাবে দেয়া হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
