নাটোরে ছাত্রী অপহরণ: শিক্ষার্থীদের মানববন্ধন
অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে নাটোরের বনপাড়ায় কয়েকটি স্কুল ও কলেজের কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করেছে।
সোমবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে ঢাকা-নাটোর এবং নাটোর-খুলনা মহাসড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার সময় বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীনিকে অপহরণ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের আরও সাতটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সোমবারের সড়ক অবরোধ ও মানববন্ধন করে।
একঘণ্টা মানবন্ধনের পর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কালিকাপুর কৃষি-কারিগরী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার লাজারুস রোজরিও, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা।
বক্তারা মেয়েটিকে উদ্ধারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। অন্যথায় তারা হরতাল দিয়ে বনপাড়া অচল করে দেয়ার হুমকি দেন।
অবরোধের কারণে দুই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
এ সময় বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সমাবেশ স্থলে এসে ছাত্রীটিকে উদ্ধারের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে।
