নারায়ণগঞ্জে ফটো সাংবাদিকদের কর্মবিরতি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাহমুদ হাসান কচির হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে স্থানীয় ফটো সাংবাদিকরা।
সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি পালন করা হয়। পরে তারা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামপাড়া এলাকায় কচি ও তার বন্ধুকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
তার কাছ থেকে ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।
এরপর তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটুসহ অন্যরা।
