১৩ দিনেও সন্ধান মেলেনি ছিনতাই হওয়া ‘গ্যাস গানের’
গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকায় শ্রমিক অসন্তোষের সময় ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১ এর ছিনতাই হওয়া গ্যাস গানটির সন্ধান ১৩ দিনেও মেলেনি।
গত ২৫ সেপ্টেম্বর পানিশাইল এলাকায় এক পুলিশ কনস্টেবলকে মারধর করে গ্যাস গানটি ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
ঘটনার দিনই এ ব্যাপারে জয়দেবপুর থানায় অজ্ঞাত ১২০০-১৩০০ শ্রমিককে আসামি করে মামলা করেন শিল্পাঞ্চল পুলিশ-১-র সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সামসুল হক।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাও কোন কুলকিনার করতে পারেননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত গ্যাস গানটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব ও শিল্প পুলিশ ওই অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার পরদিনই পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
মামলার বরাদ দিয়ে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-র পরিদর্শক মো. আব্দুস সাত্তার মিয়া জানান, সর্বনিন্ম বেতন ৮ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে মাছিহাতা পোশাক কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক আন্দোলন করে আসছিল। এ আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ২৪ সেপ্টেম্বর রাতের কোন এক সময় কারখানার গেটে বন্ধের নোটিস টানিয়ে দেয়।
“পরদিন ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা কারখানার গেইটে বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে। পরে শিল্প পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় ৭-৮ হাজার শ্রমিক চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানী বাজার এলাকায় পানিশাইল সড়কের সংযোগস্থলে সমবেত হয়ে অবরোধ, গাড়ি এবং আশে-পাশের এলাকার দোকান-পাট-কারাখনায় ভাংচুর চালায়।
এ সময় শিল্প পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশ সদস্যদের ঘিরে রাখে এবং সরকারি কাজে বাঁধা দেয়।
এক পর্যায়ে উচ্ছৃঙ্খল শ্রমিকরা শিল্পাঞ্চল পুলিশের কনস্টেবল মো. ফিরোজ সরকার, শ্যামল রায়, ওয়ালিদ, মোফাজ্জল, আসাদ, কাউসার, হুমায়ুন ও ইলিয়াসকে মারধর করে। এ সময় কনস্টেবল ফিরোজ মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা গ্যাস গানটি ছিনিয়ে নেয়া হয়।
আসামি পক্ষের মো. আসাদুল্লাহ বাদল জানান, মাছিহাতা কারখানায় এর আগে সংঘটিত শ্রমিক অসন্তোষ ও ভাংচুরের মামলার ক’ আসামিকে পুলিশের দায়ের করা গ্যাস গান ছিনতাই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
