২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরীর নিরাপত্তায় হিমশিম পুলিশ

পূজা ও কোরবানির ঈদের পাশাপাশি ক্রিকেট খেলা ও  প্রধানমন্ত্রীর সফর নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 11:23 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

আগামী ১৪ অক্টোবর দুর্গা পূজার দশমী, তার আগে কয়েকদিন ধরে চলবে পূজা। ঈদের ছুটি হবে ১৫-১৭ অক্টোবর।

ছুটির আগে আগামী ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরেও আসছেন।  আর ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটাররা এখন চট্টগ্রামে রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানান, ক্রিকেট খেলার নিরাপত্তায় প্রতিদিন গড়ে দরকার প্রায় ৭০০ পুলিশ। এছাড়া পূজা, পশুর হাট, প্রধানমন্ত্রীর সফরের কারণেও নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এজন্য অতিরিক্ত ২০০ পুলিশ চাওয়া হয়েছে।”

তিনি বলেন, খেলার জন্য অতিরিক্ত ২০০ পুলিশের পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত ২৬৮ জন পুলিশ সদস্যও চট্টগ্রাম নগর পুলিশে যুক্ত হচ্ছে। 

পূজা ও পশুর হাটের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সহকারী কমিশনার বনজ মজুমদার জানান।

ঈদের ছুটিতে ফাঁকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ছুটি বাতিল করা হয়েছে সিএমপির সব সদস্যের।

এদিকে, নগরীর ২৩৭টি পূজা মণ্ডপেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশও মোতায়েন থাকবে।

সিএমপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগরীর ২৩৭ টি মণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি পূজা হবে কোতোয়ালি এলাকায় ৭৬টি। পূজা মণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ তিনটি স্তরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ।

এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে আটজন আনসার ও দুই জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।

গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মণ্ডপগুলোতে সাতজন করে আনসার ও দুইজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

পুলিশ কর্মকর্তা বনজ মজুমদার জানান, মোতায়েন করা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি থানার নিয়মিত টহলও থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ দল, ডিবি পুলিশের টহল ও সাদা পোশাকে পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি বলেন, বিজয়া দশমীতে পতেঙ্গা সমুদ্র সৈকতেও প্রতিমা বিসর্জনে নিরাপত্তা জোরদার থাকবে।

কোরবানির ঈদকে সামনে রেখে নগরীর সাগরিকা ও বিবির হাটে স্থায়ী দুটি বাজারে যথাক্রমে ৪০ জন ও ২০ জন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া এ দুইটি বাজারে পুলিশ ক্যাম্পও স্থাপন করা হবে। 

এছাড়া পতেঙ্গা থানা এলাকার তিনটি, ইপিজেড থানা ও চান্দগাঁও থানা এলাকার কর্ণফুলী গরুর বাজারে স্ব-স্ব থানা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এদিকে, জাল টাকা রোধ করতে প্রতিটি বাজারে জাল টাকা সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হবে জানিয়ে পুলিশ কর্মকর্তা বনজ মজুমদার বলেন, “বাজারে চাঁদাবাজি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে সাদা পোশাকের পুলিশও মোতায়ন থাকবে।”

তিনি বলেন, পূজা, ঈদ, গরুর বাজার ও ছুটি মিলিয়ে টানা ছুটি শুরু হচ্ছে। এ ছুটিতে ফাঁকা হয়ে যাবে নগর। 

“এসময়ও নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়। তাই নগর পুলিশের সকল সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।”

আনুষ্ঠানিক কোনো সূচি ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ অক্টোবর সফরে চট্টগ্রাম আসবেন বলে জানা গেছে।

সে কারণে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতেও নারাজ পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রামের সফরে প্রধানমন্ত্রী সেনাবহিনীর একটি অনুষ্ঠান এবং নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।