যাত্রাবাড়ীতে ভোরে ছিনতাইকারীর কবলে দম্পতি
রাজধানীর যাত্রাবাড়ীতে এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার ভোরে ধলপুর মোড়ে ছিনতাইকারীরা ফরিদ উদ্দিনের (৪২) ডান হাতে একটি কোপ দেয়, গলায়ও জখম হন তিনি।
ছিনতাইকারীরা ফরিদের স্ত্রী লিজা আক্তারের কানের গহনা টেনে ছিনিয়ে নিলে কানে আঘাত পান লিজা।
বরিশালের বাসিন্দা ও মৌলভীবাজারের ন্যাশনাল চা কোম্পানির কর্মী ফরিদ তার স্ত্রীকে নিয়ে রিকশায় করে সদরঘাট যাচ্ছিলেন।
মায়ের মৃত্যুর খবর পেয়ে বরিশাল যাওয়ার উদ্দেশে মৌলভীবাজার থেকে শনিবার রাতে ঢাকার ধলপুরে এসেছিলেন ফরিদ। ধলপুরে মামা কাউসারের বাড়িতে রাতে ছিলেন তারা।
ফরিদ মৌলভীবাজারের ন্যাশনাল চা কোম্পানিতে চাকরি করেন বলেও জানান পরিদর্শক মোজাম্মেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতে সেলাই করে সকালেই গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে রওনা হন তারা।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কয়েকজন যুবক রিকশায় থাকা এই দম্পতির গতিরোধ করে। এ সময তারা ফরিদকে আহত করে তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং লিজার কানে থাকা গহনাও ছিড়ে নেয়।
