সম্মাননা পেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা
সাংবাদিকতা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন দেশের প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশন তাকে সম্বর্ধণা দেয়।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকতা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবিএম মূসা বলেন।
তিনি বলেন, “আমি আগে ভাবতাম, সাংবাদিকতা করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। তবে সময়ের সাথে আমার এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি নিজের মেয়েকে সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করেছি।”
সাংবাদিকতা শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করে প্রবীণ এই সাংবাদিক বলেন, দেশে সাংবাদিকতা শিক্ষার জন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ডিপ্লোমা চালু করা হয়। পরে ধীরে ধীরে দেশে সাংবাদিকতার প্রসার ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকদের প্রধান কাজ হলো বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। এজন্য প্রয়োজন সাংবাদিকতা শিক্ষা। আর দেশে সাংবাদিকতা শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন সাংবাদিক এবিএম মূসা।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণ অধ্যাপক সাখাওয়াত আলী খান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম ও সম্বর্ধনা কমিটির আহ্বায়ক শামসুল হক।
এর আগে এবিএম মূসাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন উপাচার্য।
