২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৃতীয় শক্তি’র উত্থানে ঐক্যের আহ্বান  

বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ‘তৃতীয় শক্তি’র উত্থান ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছন জাতীয় ঐক্য নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

একই মঞ্চে দাঁড়িয়ে বিকল্প ধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না এই আহবান জানান।

শনিবার বিকালে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য’র ব্যানারে আয়োজিত সমাবেশে তারা এই আহবান জানান।

বি চৌধুরী বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। দেশকে রক্ষা করতে দল মত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে।

ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে এখনকার নির্বাচন হয় নিলামে। কিন্তু দেশের জনগণ জেগে উঠলে শান্তি ফিরে আসবে। অন্ধকার থেকে এই জাতি মুক্তি পাবে। তৃতীয় শক্তির জন্য নারায়ণগঞ্জ জেগে উঠেছে। দেশও জাগবে।

আসম আব্দুর রব বলেন, “বাংলাদেশের মানুষ দুই আপদ থেকে মুক্তি চায়। আমরা চাই দেশে তৃতীয় শক্তি গড়ে উঠুক।”

কাদের সিদ্দিকী বলেন, “৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে একটা জিনিস উপলব্ধ করেছি, আর সেটা হল হাজার বছর এ দলের রাজনীতি করলেও হাসিনার পরিবার ছাড়া কেউ দলের প্রধান হতে পারবে না।”

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া ক্ষমতার জন্য অনড় অবস্থানে রয়েছেন। আপনাদের দুজনের হাতেই দেশ নিরাপদ নয়। আপনাদের কাছ থেকে দেশ ভাল কিছু আশা করতে পারে না। তাই এ নারায়ণগঞ্জ থেকে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিতেই আমরা এখানে এসেছি। নারায়ণগঞ্জ থেকেই জাতীয় ঐক্যের সূচনা হবে।

সাবেক সংসদ সদস্য এস এম আকরামের সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান, গণফোরাম নেতা দেলোয়ার হোসেন চুন্নু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ।