১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপনের প্রতিবাদ

বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচনের পর বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার দুপুরে কমিটির জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল শহরের পুরাতন কোর্ট চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা লঞ্চঘাট, বাজারের ফলপট্টি এবং সাধনার মোড়ে তিনটি পথসভা করে।

এর আগে কুষ্টিয়ার ভেড়ামারায় ভারতের বিদ্যুৎ আমদানির জন্য সঞ্চালন উপকেন্দ্রের সঙ্গে রামপালে নির্মিতব্য ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ এর ভিত্তিস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। তবে তার প্রতিনিধি হিসেবে ভেড়ামারায় ছিলেন ভারতের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ২২ অক্টোবর রামপালে এই প্রকল্পের ভিত্তিস্থাপন করা হবে।

কিন্তু মনমোহন সিং ওইদিন উপস্থিত থাকতে পারবেন না জানানোর পর শনিবারই রামপাল কেন্দ্রের ভিত্তিস্থাপন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পথসভায় বক্তারা গোপনে জনগণকে না জানিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মেচন করা হয় বলে াভিযোগ করেন।

তারা বলেন, এখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যাবে না। যেকোনো মূল্যে দেশের জনগণকে সাথে নিয়ে সরকারকে ওই সুন্দরবন বিধ্বংসী প্রকল্প বাতিল করতে বাধ্য করা হবে।

তারা আরও বলেন, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় কমিটি লংমার্চ কর্মসূচি থেকে আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন কর্মসূচি প্রতিহত করা করার ঘোষণা দেয়া হয়েছিল।

কিন্তু তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী কুষ্টিয়ার ভেড়ামারায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামপালের এ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, সদস্য রসময় সেন, সিপিবি সভাপতি রেজাউল করিম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম যাদু, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সজিব প্রমুখ।

মংলায় বিক্ষোভ ও সমাবেশ

মংলায়ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

পৌরসভার শ্রমিক সংঘ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরীরর মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কমিটির মংলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, সদস্য সচিব সুশান্ত রায়, সদস্য অধ্যাপক অসিত সরকার ও জানে আলম বক্তব্য দেন।

নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

এ প্রকল্প উদ্বোধনের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার দুপুরে জেলা শহরের টাউন হল চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর টাউন হল চত্ত্বরে সংগঠনের জেলা সভাপতি বিটুল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি আনোয়ারুল হক পলাশ, জেলা সদস্য জহিরুল ইসলাম।