২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

ওসি শেখ সোহেল রানা বলেন, কোন নারী ঘটিত কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
ছেলেকে হারিয়ে নিহত ইকবাল হোসেনের মায়ের আহাজারি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 01:12 AM

Updated : 26 Aug 2026, 09:38 AM

কুষ্টিয়া শহরে প্রতিবেশীর বাড়িতে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মজিবর রহমান সড়কের নাজিম উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা। 

চৌড়হাস আদর্শপাড়ায় ইকবাল হোসেন নামের এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত ইকবাল হোসেন (৩০) আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের কর্মী ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

ওসি শেখ সোহেল রানা বলেন, কোন নারী ঘটিত কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ইকবালের সঙ্গে প্রতিবেশী নাজিমের স্ত্রীর সখ্যতা ছিল। সেই সূত্রে শুক্রবার দুপুরে ইকবাল প্রতিবেশীর বাড়িতে গেলে নাজিমসহ কয়েকজন তাকে ধরে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। 

কুষ্টিয়া পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ বলেন, “নারী ঘটিত কারণে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি। এ ঘটনায় তিনজনকে থানায় নেওয়া হয়েছে।” 

তবে নিহতের মা রশিদা খাতুনের দাবি, “পূর্ব শত্রুতার জেরে ষড়যন্ত্র করে তার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন।” হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। 

ওসি রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।