২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরিস্থিতি সামলে ইতিহাস গড়ার আনন্দ কানাডার

পেরুকে হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 12:03 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

প্রথমার্ধে সমানে-সমান লড়াই করেও জালের দেখা পেল না কোনো দল। দ্বিতীয়ার্ধে পেরুর ডিফেন্ডারের লাল কার্ড দেখার পুরো ফায়দা নিল কানাডা। একমাত্র গোলে ইতিহাস গড়ার উচ্ছ্বাসে মাঠ ছাড়ল জেসি মার্শের দল। 

বাংলাদেশ সময় বুধবার ভোরে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় কানাডা। টুর্নামেন্টের ইতিহাসে এটিই তাদের প্রথম জয়। পেরুর বিপক্ষেও গত ২৪ বছরের মধ্যে তাদের প্রথম জয় এটি। 

গোলশূন্য প্রথমার্ধের পর ড্রেসিং রুমে নিজেদের সামর্থ্য দেখানোর তাগিদ দেন কানাডা কোচ মার্শ। 

“প্রথমার্ধে আমরা ভালো শুরু করি। এরপর পেরু আমাদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। (বিরতিতে) আমরা বড় বার্তা দেওয়ার কথা বলছিলাম, ইতিহাস গড়ার ব্যাপারে, আমরা যে আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত সেটি দেখানোর ব্যাপারে কথা বলছিলাম।" 

“দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালোভাবে সাড়া দেই। আমার মতে, যে পরিবর্তনগুলো আমরা করেছি, তিন জন ফুটবলারই মাঠে নেমে ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রেখেছে।”

পরে ম্যাচের ৫৯তম মিনিটে বদলি নামা জ্যাকব শাফলবার্গকে কড়া ট্যাকেল করেন পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাউহো। প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

দশ জনে পরিণত হওয়া পেরু বাকি সময়ে আর পেরে ওঠেনি কানাডার সঙ্গে। ৮৮তম মিনিটে শাফলবার্গের দারুণ ক্রসে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন জোনাথান ডেভিড। এরপর আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কানাডা। 

গত মাসে কানাডার দায়িত্ব নেওয়ার পর মার্শের এটিই প্রথম জয়। এর আগে প্রীতি ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ গোল হজম করে তারা। আর কোপায় প্রথম ম্যাচে তাদেরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।

সব মিলিয়ে কিছুটা কোণঠাসা অবস্থায়ই ছিল কানাডা। এমন পরিস্থিতিতে পেরুর বিপক্ষে জয় মার্শের কাছে অনেক বড় অর্জন।

“ফলের দিকে তাকিয়ে আমি বলতে পারি, ছেলেরা ইতিহাস গড়ে খুবই উচ্ছ্বসিত। এটি অনেক বড় মুহূর্ত। তবে আমি যদি সার্বিক চিত্র দেখি, দল যে পরিস্থিতিতে ছিল। বেশ উত্তপ্ত অবস্থা!।”

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দুই নম্বরে উঠে এসেছে কানাডা। কোয়ার্টার ফাইনাল জায়গা করে নেওয়ার আশা নিয়ে আগামী রোববার চিলির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।