মুন্সীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্থানীয়দের পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
শনিবার ভোরের দিকে উপজেলার দালালপাড়ায় এ ঘটনায় নিহত হয় শাহাবুদ্দিন সাবু (৩০)। পরে লুণ্ঠিত অর্থসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, ডাকাত সরদার নাগর (৫০), রোমান (৩০) ও রতন (৩২)।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে দালালপারা গ্রামের হেকমত ব্যাপারীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে ডাকাতদল। তারা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুট করে। এ সময় ডাকাতের আঘাতে গুরুতর আহত হন হেকমত।
আহত হেকমত ব্যাপারীর আর্তচিৎকারে এলাকার লোকজন ধাওয়া করে ডাকাত শাহাবুদ্দিন সাবুকে ধরে পিটুনি দেয়। আহত শাহাবুদ্দিন ভোরে মুন্সীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে শাহাবুদ্দিনের দেয়া তথ্যানুসারে পুলিশ রামপাল ও মুক্তারপুরের গোসাইরবাগ থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে ও লুন্ঠিত সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করে।
আহত রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেকমত ব্যাপারীরকে (৪৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে এবং ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি শহীদুল।
