২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ধারাবাহিকতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতায় গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 10:22 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের প্রতিনিধিদল দেখা করতে এলে তিনি এ কথা বরেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ। নেওয়ার মালিকও আল্লাহ। তবে সরকারের ধারাবাহিকতা রাখা দরকার।”

এ সময় তিনি ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার কথা উল্লেখ করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী বলেন, “৯৬ থেকে ২০০১ পর্যন্ত যা করে গেয়েছিলাম- তার সব বন্ধ করে দিয়েছিল।

“জোট সরকার ক্ষমতায় এসেই কমিউনিটি হেলথ সেন্টারগুলো বন্ধ করে দিয়েছিল। এখন আবার চালু হয়েছে। গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে।”

মাদ্রাসার উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, “পর্যায়ক্রমে প্রত্যেকটি মাদ্রাসা যেন উন্নত হয়- সে পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা অনেক মাদ্রাসার উন্নয়নের কাজ হাতে নিয়েছি। তবে সব একসাথে সম্ভব নয়। যতটুকু সম্ভব তা করছি।

“আগামীতে সরকারের আসলে যা করতে হয়- তাই করবো। তখন আর আপনাদের দাবি করতে হবে না।”

শেখ হাসিনা বলেন, “আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি মানুষ লেখাপড়া শিখে, খেয়ে-পড়ে বাঁচবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে।”

আওয়ামী লীগ পুনর্নিবাচিত হলে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ (রাজধানীর বায়তুল মোকাররমের আদলে) নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

ইসলামের মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “ইসলামের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব।

“ইসলাম উন্নত জীবনের শিক্ষা দেয়। এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নাই। মুষ্টিমেয় মানুষ এগুলো করে ধর্মের অবমাননা করে। ধর্মের মান-সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব।”

প্রধানমন্ত্রীর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “বিএনপি-জামাতের সময়ে একটিও মাদ্রাসা ভবন তৈরি করা হয়নি।”

এ সময় আরো বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি এ এ এম বাহাউদ্দিন ও মহাসচিব অধ্যাপক সাব্বির আহমেদ মোমতাজী।