‘আপনাদের ছেলের বউকে আরেকবার সুযোগ দিন’
খালেদা জিয়াকে আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকারের দিন শেষ। সবাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওন। দেশটা আপনাদের।
“আপনাদের ছেলের বউকে শেষ সুযোগ দিন।
“বিরোধীদলীয় নেত্রীর শুধু সরকারের সমলোচনা করলে হবে না। আমাদের সাথে আলোচনা করে জনগণের সামনে ধর্মীয় গ্রস্থ নিয়ে শপথ করে বলতে হবে দুর্নীতি, সন্ত্রাস করব না। দ্রব্যমূল্যের দাম কমাব। কিভাবে এটা করবেন তাও জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তারা নিজেদের মামলা তুলে নিয়ে খালেদা জিয়াকে বলেন সাজা পাওয়ার ভয়ে আদালতে যান না।
এ সরকারের সময়ে অন্যয়ের একটা রেকর্ড সৃষ্টি হয়েছে। টেন্ডারবাজি, লুটপাট, পদ্মা সেতুর দুর্নীতি, সন্ত্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আট টাকার পিঁয়াজ একশ’ টাকা কেজি দরে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনের সময় এটা মনে করিয়ে দেয়ার পরামর্শ দেন এই সাবেক রাষ্ট্রপতি।
বি চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের একদিন আগেই রায় প্রকাশ হয়। কোনো সভ্য দেশে এটা হলে আইনমন্ত্রী পদত্যাগ করতেন।
বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, জাসদ (রব) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার সরকার প্রমুখ।
