২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ নবজাতকের মৃত্যু তদন্তে কমিটি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইনজেকশন দেয়ার পরপরই চার নবজাতকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে একটি কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 09:35 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

শুক্রবার এক তথ্যবিবরণীতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. নাহারিন নাসিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মো. শফিউদ্দিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (আইন) ডা. মো. নজাবত  হোসেনকে নিয়ে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রাতে  টাঙ্গাইল সদরের গৃহবধূ মোরশেদার শিশুকে ইনজেকশন দেয়া হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। একইভাবে মারা যায় সদরের অলোয়া গ্রামের লিটন মিয়ার ছেলে, ছিটকিবাড়ী গ্রামের আল আমিনের ছেলে ও কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের রিপন মিয়ার ছেলে। এদের বয়স চার থেকে ২০ দিনের মধ্যে।

তিনি বলেন, নবজাতকের বিশেষ চিকিৎসা সেবার এই ইউনিটে জন্মগত ত্রুটি নিয়ে অথবা অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুদের চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদুজ্জামান বলেন, চার শিশুর মধ্যে একজনের জন্মগত শ্বাসকষ্ট ছিল এবং অন্য তিনজন ছিল কম ওজনের।

হাসপাতাল কর্তৃপক্ষও এ ঘটনা তদন্তে শুক্রবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।