২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দল ধর্মভিত্তিক রাজনীতি করছে: রব

সস্তা ভোট পাওয়ার জন্য বড় দুই দল ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় রব বলেন, রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার অপরাজনীতির কারণে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনীতির পরিবর্তে ধর্মভিত্তিক রাজনীতির প্রতিযোগিতা চলছে।

এ অশুভ প্রতিযোগিতা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনাকে অস্বীকার বা উপেক্ষা করে রাষ্ট্র ও সমাজকে মৌলবাদের দিকে ধাবিত করার আত্মঘাতী রাজনীতিকে উৎসাহিত করছে।

“সস্তা ভোট প্রাপ্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে বড় দুই দল ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার অপপ্রয়াস গ্রহণ করছে। এই অপপ্রয়াস সামাজিকভাবে বিস্তার লাভ করছে।”

ধর্মীয় মূল্যবোধকে দলীয় স্বার্থতাড়িত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

রব আরো বলেন, কোনো কোনো মহল আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ইসলামী মৌলবাদী বা জঙ্গিবাদী রাষ্ট্রের ইমেজ তৈরিতে ব্যস্ত রয়েছে। এই ধরনের ইমেজ সৃষ্টি হলে বাংলাদেশ নামের রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে, রাষ্ট্র অকার্যকর হওয়ার ঝুঁকিতে পড়বে, যা হবে আত্মঘাতী।

এ আত্মঘাতী রাজনীতিকে রোধ করার জন্য প্রয়োজন তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান। এ লক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাধীনতার পর রাষ্ট্রে আর্থিক উন্নয়ন ঘটলেও জাতি নৈতিকভাবে অনেক পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

৯টি প্রদেশ, ফেডারেল সরকার, দুই কক্ষের পার্লামেন্ট ও স্ব-শাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে জেএসডি জেলা শাখা আয়োজিত জনসভায় আ স ম আবদুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেএসডি জেলা সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি এম এ গোফরান, আব্দুর রহমান, সাঈদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক আতাউল করিম ফারুক, শহীদ উদ্দীন মাহমুদ, আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়া খন্দকার, জেলা সহসভাপতি সালেক বিন তৌফিক নিক্সন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন প্রমুখ।