রংপুরে ২০০ পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ
রংপুর জেলায় এবার ৭৫০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে ২০০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মন্দির ও দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পূজা মণ্ডপগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা পূজা উদ্যাপন পরিষদ সংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লোকজন যাতে নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য পুলিশ ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী ১০ অক্টোবর ষষ্টী পূজার মধ্যদিয়ে শুরু হবে পাঁচদিনের দুর্গোৎসব।
পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার ৭৫০টি পূজা মণ্ডপের মধ্যে ২০০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের বেশিরভাগই পীরগাছা, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায়।”
এসব উপজেলা জামায়াত-শিবিরের তৎপরতা বেশি বলে জানান তিনি।
এসপি আরো বলেন, “একটি উগ্রপন্থী শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তীক্ষ্ম দৃষ্টি রাখছে। লোকজন যাতে নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।”
জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি বনমালী পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গত ২৮ সেপ্টেম্বর রাতে রংপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের ডাংহাট কামদেবপুর গ্রামে দুর্গা প্রতিমা ভেঙে দেয় দুর্বৃত্তরা।
তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি মানববতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জেলার পীরগাছা, পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলায় আটটি মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের কর্মীরা।
“একটি গোষ্ঠী পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা আমাদের রয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করে পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে,” বলেন বনমালী।
