২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মিশুকের ক্ষতিপূরণের মামলা হাই কোর্টে স্থানান্তরের রুল

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মুনীর (মিশুক মুনীর) নিহতের ঘটনায় দায়ের করা মামলা কেন উচ্চ আদালতে স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 02:33 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের যৌথবেঞ্চ সংবিধানের ১১০ ধারায় করা পৃথক দুটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে ভিন্ন ভিন্ন রুল জারি করে।

আদেশে তিন সপ্তাহের মধ্যে তিন বাস মালিক মো. খাসেদ মিয়া, মো. খোকন মিয়া, মো. জাহাঙ্গীর কবির তুহিন, বাস চালক মো. জমির উদ্দিন এবং বাসের রিলায়েন্স ইন্সুরেন্সকে উভয় রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার সারা হোসেন, রমজান আলী শিকদার, মোতাহার হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী।

তারেক মাসুদ সম্পর্কিত মামলায় আবেদনকারী ছিলেন, তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, তার ছেলে নিশাদ মাসুদ এবং মা নুরুন্নাহার বেগম। আর মিশুক মুনীর সম্পর্কিত মামলায় আবেদনকারী হিসাবে ছিলেন, মঞ্জুলি কাজী ও সুহৃদ মুনীর।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকসহ পঁচজন ঘটনাস্থলে নিহত হন। ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্যরা হলেন মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

ওই ঘটনায় তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হন।

ঘটনার পরের বছর হাই কোর্টের আবেদনকারীরাই মানিকগঞ্জে জেলা জজ ও মটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালে মটরযান অর্ডিনেন্সে দুটি পৃথক মামলা দুটি করেন।

আবেদনকারী পক্ষের আইনজীবী মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পরও মামলায় কোনো ক্ষতিপূরণ আদায় হয়নি। তাই সংবিধানের ১১০ ধারায় হাই কোর্টে আবেদন করা হয়েছে। আদালতের আদেশে ওই মামলার রেকর্ডও তলব করা হয়েছে।