২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করতে আবেদন

আসামি পক্ষের দীর্ঘ জেরা নিয়ে আপত্তি জানিয়ে আসা রাষ্ট্রপক্ষ ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করতে আদালতে আবেদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 11:38 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কামাল উদ্দিন আহাম্মদ এই আবেদন জমা দিলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান এ বিষয়ে ১০ অক্টোবর শুনানির দিন ঠিক করেন।

এদিন দিনভর মামলার শেষ তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরীকে জেরা করেন আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। 

তার অসমাপ্ত জেরা শেষ করতে আগামী ১০ অক্টোবর পরবর্তী দিন ঠিক করে আদালত।

পিপি কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী এই ঘটনায় করা দুটি মামলার একটিতে ৫৪তম ও অন্যটিতে ৫৬তম সাক্ষী।

“আমরা আর সাক্ষী হাজির করতে চাই না। এ বিষয়ে শুনানি শেষে আদালতের নির্দেশনা পেলে আইন অনুসারে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।”

এর আগে শুনানিতে দীর্ঘ জেরা নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে বির্তক হয়। আসামি বাবরও নিজের অসুস্থতার কথা জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন।  

বিকালে শুনানির শেষ পর্যায়ে দীর্ঘ জেরা বিষয়ে আপত্তি জানিয়ে পিপি কামাল আদালতে বলেন, “জাস্টিস হচ্ছে না। যেভাবে জেরা হচ্ছে, তাতে আইও’র পক্ষে আর আসা সম্ভব না।

“আমার আর সাক্ষীর দরকার নেই। এই সাক্ষী ৩২ কার্যদিবস এসেছেন। আমি প্রসিকিউশনের পক্ষে সাক্ষী সমাপ্ত করার দরখাস্ত দিচ্ছি।”

এসময় সাক্ষীর অসমাপ্ত জেরার পরবর্তী তারিখ ঈদের পর নির্ধারণের জন্য একযোগে আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা।

কাঠগড়ায় থাকা বাবর ঈদের পর সময় নির্ধারণের আবেদন জানিয়ে বলেন, “আমি খুব অসুস্থ। চিকিৎসকরা আমাকে হাসপাতালে ভর্তি করাতে বলেছে, তবু আমি এসেছি।”

বিচারক বাবরের উদ্দেশে বলেন, “আপনার সময় নষ্ট করেছেন আপনার আইনজীবী। তার হাতে অনেক মোক্ষম অস্ত্র ছিল, তা প্রয়োগ করা হয়নি।”

এরপর পিপি কামাল বলেন, “আমি আগেই বলেছি কেয়ামতের আগ পর্যন্ত জেরা শেষ হবে না। এখন তা বোঝা যাচ্ছে।”

তখন বিচারক পিপিকে বলেন, “এখনো তো বিচার শেষ হয়নি। আর এখনি আপনি জাস্টিস চাইছেন?” 

পিপি কামাল আদালতের উদ্দেশে বলেন, “আপনি আসামি পক্ষকে প্রিভিলেজ দিচ্ছেন।”

এসময় আসামিপক্ষের আইনজীবীরা একযোগে প্রতিবাদ জানিয়ে বলেন, এটা আপত্তিকর বক্তব্য। আইনের ভাষায় নয়।

জবাবে কামাল বলেন, “আইনের ভাষায় বললে এই মামলা ১৮০ কার্যদিবসে শেষ হওয়ার কথা। ২০১১ সালে মামলার কার্যক্রম শুরু হয়েছে। দুই বছর ধরে মামলা চলছে। আমার আবেদন গ্রহণ করা হোক।”

এরপর বাবর বলেন, “যদি ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় কিছু বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতাম, তা হলে আমাকে এ মামলায় আসামি করা হত না।

“তা না করায় এখন আমি ১০ ট্রাক, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় আসামি।”

“৭২ দিন রিমান্ডে নেয়া হয়েছে। আমি অসুস্থ। আমার জন্য আটটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্যায়ভাবে যারা আমাকে জড়িয়েছে দুনিয়া ও আখেরাতে তাদের বিচার চাই।”

জবাবে পিপি কামাল উদ্দিন বলেন, “এদেশে আমরাও কিছু রাজনীতি দেখেছি। ২১ অগাস্ট এ দেশের ২৪ জনকে গ্রেনেড মেরে মারা হয়েছে। তখনকার বিরোধীদলীয় নেত্রীর ওপর হামলা হয়েছে।”

এরপর আদালত আগামী ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে বলেন, ওই দিন রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ করার আবেদনের শুনানি হবে।

তবে ওই দিন বাবরকে হাজির না করলেও চলবে বলে জানিয়ে দেয় আদালত।

এর আগে সকালে আসামি মতিউর রহমান নিজামীর পক্ষে তার অনুপস্থিতিতে শুনানি না করার আবেদন জানান আইনজীবী। তবে আদালত তা খারিজ করে দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে বৃহস্পতিবার নিজামীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়নি। জামায়াত আমির নিজামী যুদ্ধাপরাধে অভিযুক্ত।  

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সারকারখানা সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।

অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন এই ঘটনায় করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র জমা দেন মনিরুজ্জামান।

সম্পূরক অভিযোগপত্রে সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ মোট ১১ জন নতুন আসামি অর্ন্তভুক্ত করা হয়। তাতে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

সাক্ষ্যগ্রহণ চলার পর্যায়ে শুরু হওয়া অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৯ নভেম্বর এই মামলার আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।