সরকারি হাসপাতালের ‘ইউজার ফি’ বণ্টনে স্থিতাবস্থা
সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে আদায়কৃত ‘ইউজার ফি’ চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে বণ্টনে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিট আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।
এর আগে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের’ করা রিট আবেদন আমলে নিয়ে ২০১০ সালের ২ ডিসেম্বর হাই কোর্ট এ সংক্রান্ত রুল জারি করেছিল।
পরে ‘ইউজার ফি’ বণ্টনে অনিয়মের খবর পত্রিকায় প্রকাশিত হলে রিট আবেদনকারী পক্ষে একটি আবেদন দেন আপিল বিভাগে। আপিল বিভাগ ওই আদেশের ওপর শুনানি করে আদেশ দেয়।
আদেশে এ পর্যন্ত আদায়কৃত ইউজার ফি বণ্টনে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি আগামী ৩ নভেম্বর সরকার পক্ষের করা আপিলের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়।
