যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে মৃত্যু হওয়া এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত রইস উদ্দীন (২২) একই উপজেলা সাহাপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
স্বজনদের ধারণা ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরত আসার সময় উত্তাল পদ্মা নদী পার হতে গিয়ে মারা গেছেন রইস।
বিজিবির ওই কর্মকর্তা জানান, গত ৩০ সেপ্টেম্বর মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন রইস। পরের দিন ১ অক্টোবর মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের জওয়ানরা তার লাশ নদী থেকে উদ্ধার করে।
পরে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেয়া হয়।
রইসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
