২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী এসেছেন, তাই ফার্মেসি খোলা’

সারা দেশে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রোগীদের ভোগান্তি চরমে উঠলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সব ফার্মেসি খোলা রাখা হয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার, শাহবাগ, মালিবাগসহ বিভিন্ন এলাকায় ওষুধের মার্কেট ঘুরে ফার্মেসি বন্ধ দেখা গেলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রায় অর্ধ শতাধিক দোকানের সবগুলোই খোলা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএস ফার্মেসির মালিক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুজন মণ্ডলকে বলেন, “আমাদের দুই রকম কথাই বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করতে এসেছেন। এ কারণে আমরা ফার্মেসি খোলা রেখেছি। তা না হলেও আমরাও দোকান বন্ধ রাখতাম।”

গত ২৮ সেপ্টেম্বর মিটফোর্ড-বাবুবাজার এলাকার মার্কেটগুলোতে অভিযান চালিয়ে  প্রায় পাঁচ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও অবৈধ  ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা এবং এক কোটি ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এর প্রতিবাদে  বৃহস্পতিবার সারা দেশে এই ধর্মঘট করছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকেও ওষুধের দোকান বন্ধ রাখার খবর পাওয়া গেছে। জরুরি ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সারা দেশে এভাবে অত্যন্ত জরুরি এ সেবা বন্ধ রেখে ধর্মঘট কোনোভাবেই মেনে নেয়া যায় না।