২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল নিয়ে মুখোমুখি স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিরা

স্থানীয় জনপ্রতিনিধিরা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ‘বিরোধিতা’ করলেও বাগেরহাটের এক সংসদ সদস্য ‘দ্রুত’ এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 12:02 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে সুন্দরবন নিয়ে এক আলোচনা সভায় রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে।

বাগেরহাটের মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, “রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে কোনোভাবেই সুন্দরবনকে রক্ষা করা যাবে না। সরকারের এই সিদ্ধান্ত বিদ্যমান আইনের লঙ্ঘন।”

কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখে রক্ষা করে। সেই সুন্দরবন রক্ষায় অন্যান্য পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিল এখন জনগণের  দাবি।”

খুলনার ব্যবসায়ী প্রতিনিধি এস এম সোহরাব হোসেন রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে স্থানীয় সংসদ সদস্যদের অবস্থান স্পষ্ট করা দাবি জানান।

Image
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত নকশা।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত নকশা।

বাগেরহাট থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা বলেন, “রামপালের তাপ বিদ্যুৎ প্রকল্প সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। কিন্তু ভারত এটা করছে বলেই বিরোধিতা আসছে।”

খুলনা থেকে নির্বাচিত সংসদ সদস্য সোহরাব আলী সানা সরকারের পদক্ষেপকে ইতিবাচক দাবি করে বলেন, “বন রক্ষার জন্য সরকার বন আইন সংশোধনী বিল এনেছে। দ্রুতই এই আইন পাস হবে। তবে এই আইন যথেষ্ট নয়। সুন্দরবন সংরক্ষনের জন্য আমাদের পৃথক আইন প্রণয়ন করতে হবে।”

সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলায় ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।

এই প্রকল্প বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করবে দাবি করে এর বিরোধিতা করছে বাম দল সমর্থিত তেল-গ্যাস রক্ষা কমিটি। তবে সরকার বলছে, পরিবেশের ক্ষতি না করেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

আলোচনা সভায় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “সুন্দরবন ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বন রক্ষায় পদক্ষেপ নিতে হবে।”

তিনি জাতীয় সংসদে পাসের অপেক্ষায় থাকা বন আইন সংশোধন বিলটি অনলাইনে প্রকাশ করে জনগনের মতামত গ্রহণের আহ্বান জানান।

তিনি আরো বলেন, “সংসদে বিল পাশের ক্ষেত্রে জনমত যাচাইয়ের জন্য বিরোধী দলের সংসদ সদস্যরা নোটিশ দিলেও সংসদে উপস্থিত থাকেন না। আর সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয়ে নোটিশ প্রদানের ক্ষেত্রে দ্বিধান্বিত থাকেন। ফলে অনেক সময় আইনে জনগনের মতামতের প্রতিফলন ঘটে না।”

জনকল্যাণে সাহসের সঙ্গে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান শওকত আলী।

বেসরকারি সংস্থা নবলোক আয়োজিত ‘সুন্দরবন ম্যানগ্রোভ বনকে রক্ষায় সংসদীয় তত্ত্বাবধান, নীতি ও আইনি গবেষণা এবং কমিউিনিটি কার্যক্রমের মধ্য দিয়ে স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন সম্প্রসারণ’ শীর্ষক এ মতবিনিময়  সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য সোহরাব আলী সানা। সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

মূল প্রবন্ধ উত্থাপন করেন নবলোকের প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সেতু ও মিজানুর রহমান বিজয়।

অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের জন্য পৃথক সুন্দরবন মন্ত্রণালয় গঠন এবং সুন্দরবন সংলগ্ন জনগণকে বন মামলার হয়রানি থেকে রক্ষায় বিশেষ বিচারক নিয়োগ করে দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করার ব্যবস্থা নেয়ার দাবি জানান।