সুন্দরবন থেকে ৭০ জেলে উদ্ধার
মুক্তিপণের দাবিতে অপহৃত ৭০ জেলেকে সুন্দরবন থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার সন্ধ্যায় সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরার কৈখালীর ২০ কিলোমিটার পূর্বে মাথাভাঙ্গা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ২৬টি নৌকাও পাওয়া যায়।
তবে কোনো বনদস্যুকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার আতিকুর রহমান বলেন, সন্ধ্যায় কোস্ট গার্ডের সাতক্ষীরার কৈখালী স্টেশনের একটি টহল দল ওই এলাকায় টহল দিতে যায়। এ সময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে অপহৃত ৭০ জেলেকে ফেলে সুন্দরবনের গহীনে চলে যায়।
জেলেদের চিৎর শুনে কোস্ট গার্ডের টহল দল এগিয়ে যায়।
জেলেদের বরাত দিয়ে আতিকুর রহমান বলেন, হালিম বাহিনীর হাতে তারা জিম্মি ছিলেন।
তাৎক্ষণিকভাবে জেলেদের নাম, পরিচয় এবং কবে কোথা থেকে তাদের অপহরণ করা হয় তা কোস্ট গার্ড কর্মকর্তা জানাতে পারেননি।
