আমি তথ্য বিকৃতির শিকার: এরশাদ
‘বিএনপি না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না’- গণমাধ্যমে এমন খবর এলেও এরশাদ দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে।
বুধবার রাজধানীতে হোটেল সোনারগাঁয়ে সাংবাদিক সম্মেলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “এ ধরনের কোন কথা আমি কোথাও বলিনি। তোমরা ভাল করেই জান, আমি ফর্মাল বক্তব্যের সময় কোন ব্যক্তি বা দলের নাম উল্লেখ করি না।”
“আমি বলেছি, সব দল যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টিও যাবে না। পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না।”
গত ২৫ সেপ্টেম্বর জাতীয় পার্টি সিলেট শাখার সম্মেলন উপলক্ষে সিলেট গিয়েছিলেন এরশাদ। এরশাদকে উদ্ধৃত করে ওই দিন গণমাধ্যমে খবর বের হয়- তিনি বলেছেন বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না।
তবে বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রপতির বক্তব্য, তিনি ‘তথ্য বিকৃতি’র শিকার।
এরশাদ বলেন, “এগুলো কতিপয় বিএনপিপন্থী পত্রিকার কাজ। তারা বিভিন্ন সময়ে আমার তথ্য বিকৃত করে উপস্থাপন করছে।”
তার নির্বাচন পদ্ধতি সংস্কার প্রস্তাব ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে বলে উল্লেখ করেন এরশাদ।
“এতে আওয়ামী লীগের জন্য ভাল হবে। যদিও তাদের অবস্থা ভাল নয়, তবে যদি আনুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচন হয়, তা হলে যেহেতু এখনো তাদের ৪০% ভোট আছে, তারা সামনের মেয়াদে একটা সম্মানজনক অবস্থায় থাকবে।”
এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় যুব সংহতির কর্মসূচিতে এরশাদ বলেছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পাবে ৬০টি আসন।
এর দুই দিন পর জাতীয় পর্টির এক বিবৃতিতে দাবি করা হয়, এরশাদের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
