২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রের ভুল চিকিৎসার অভিযোগে ল্যাবএইড ঘেরাও

এক সহপাঠীর ‘ভুল চিকিৎসার’ অভিযোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সমানে তিন ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

পরে বেসরকারি এ হাসপাতাল কর্তৃপক্ষের ‘আশ্বাস’ পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ল্যাবএইডের প্রশাসনিক প্রধান ডা. শামীম জানিয়েছেন, তৃতীয় কোনো স্থানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হবে। ওই আলোচনায় যে সিদ্ধান্ত হবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেবে।”

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১০ সালের প্রথমদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মাসুমের বাম পায়ের গোড়ালিতে টিউমার ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক ডা. আমজাদ হোসেনের কাছে দেখানো হয়।

তিনি পরীক্ষা করে মাসুমের পায়ে অস্ত্রোপচার করেন। কিন্তু এরপর পায়ের অবস্থা খারাপ হতে থাকলে আবারো পরীক্ষা করে তিনি বলেন, কোনো সমস্যা নেই।

এরপর অবস্থা আরো খারাপ হলে মাসুম অন্য হাসপাতালে যান এবং সেখানে বলা হয়, তার পায়ে সারকোমা ক্যান্সার হয়েছে,  পা কেটে ফেলতে হবে।

এরপর সহপাঠীদের সহযোগিতায় মাসুমকে কলকাতার একটি হাসপাতালে নেয়া হলে তারা জানায় ক্যান্সার মাসুমের পুরো শরীরে ছড়িয়ে গেছে। এই অবস্থায় আর নিরাময় সম্ভব নয়।

এর পর থেকেই ল্যাবএইডের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে দায়ী চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে আসছেন মাসুমের সহপাঠীরা।

এই দাবিতে মঙ্গলবার ওই বিভাগের সব শিক্ষার্থী প্রতীকী অনশন করেন। পরে বিভাগীয় চেয়ারম্যান ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অনশন তুলে নেন। এরপর বুধবার বেলা ১টার দিকে শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

ল্যাব এইডের প্রশাসনিক প্রধান শামীম এসে আলোচনার আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে সরে যান।

ল্যাবএইডের চিকিৎসক ডা. আমজাদ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, মাসুম প্রথমবার দেখানোর পর একবছর তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

সময়মতো এলে তার চিকিৎসা সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন।