২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির ঢিলেঢালা হরতাল

সাতক্ষীরায় জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যাকারীদের শাস্তির দাবিতে ডাকা বিএনপির আধাবেলা হরতালে কোনো অপ্রতীতিকর ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই হরতাল ডাকে জেলা বিএনপি, এর অঙ্গসংগঠন এবং আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি।

সদর থানার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে জেলা শহরের কোথাও বিশৃঙ্খলা হয়নি।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল।    

আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি আবু জাহিদ ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে হরতাল শেষ করেছি।

আমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবিতে এই হরতাল ডাকা হয় বলে তিনি জানান।

হরতাল চলাকালে শহরের ব্যস্ত এলাকা নিউ মার্কেট মোড়, পুরাতন সাতক্ষীরা, কলেজ রোড ও জজকোর্ট এলাকার দোকানপাট বন্ধ ছিল।

এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি।

গত ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সমাবেশে দুগ্রুপের সংঘর্ষে নিহত হন জেলা মৎস্যজীবী দলের নেতা আমানউল্লাহ। আহত হন অন্তত ছয়জন।

ওই রাতেই আমানের মা ফাতেমা খাতুন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন।

মামলায় জেলা বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মীদের আসামি করা হয়।