২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে সড়ক অবরোধের চেষ্টা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কয়েকটি স্থানে  সড়ক অবরোধের চেষ্টা করেছে হরতাল সমর্থকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে মুহুরীহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধের চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ।

এদিকে বেলা ১১টায় হাটহাজারী উপজেলা সদরে হরতাল সমর্থকরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে  চট্টগ্রাম মহানগর (উত্তর-দক্ষিণ), বান্দরবান ও রাঙ্গামাটি জেলা বিএনপি বুধবার সকাল-সন্ধ্যা এই হরতাল আহ্বান করে।

হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থকরা ইট-পাথর ও কাঠ ফেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট, বটতল ও চারিয়া এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে।  এসব এলাকায় পুলিশের টহল দল উপস্থিত হলেই তারা পালিয়ে যায়।

মুহুরীহাট এলাকা থেকে ওমর ফারুক মির্জা নামে এক পিকেটারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে হাটহাজারী উপজেলা সদরে হরতাল সমর্থকদের মিছিল থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কও অবরোধের চেষ্টা করা হয়।

ওসি লিয়াকত বলেন, “অবরোধের চেষ্টা করলে আমরা মিছিলটি ছত্রভঙ্গ করে দিই। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”