২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকাকে নিয়ে চট্টগ্রাম বিএনপির নেতারাও নীরব

যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে কেন্দ্রের মতো চট্টগ্রামের বিএনপি নেতারাও কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার দেয়া এই রায়ের প্রতিবাদে বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তবে দলের অন্য নেতারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে যুদ্ধাপরাধের নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করে চারটিতে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর বেলা ২টার দিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এসে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচির ঘোষণা দিয়ে তড়িঘড়ি করে চলে যান।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার এবং রায় উদ্দেশ্যপ্রণোদিত।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দল কেন্দ্রীয়ভাবে যা বলবে সেটাই তার প্রতিক্রিয়া।

“এর বাইরে আমার কিছু বলার নেই,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ঢাকায় অবস্থান করছেন। তাকে টেলিফোন করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীও রায়ের বিষয়ে কিছু বলতে চাননি। আসলাম চৌধুরী চট্টগ্রাম বিএনপিতে সালাউদ্দিন কাদেরের অনুসারী বলে পরিচিত।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েলও সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বলেন, “যুদ্ধাপরাধের বিচারের নামে যা হচ্ছে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট।”

বিএনপির মধ্যম সারির নেতারা বলছেন, সামনে সংসদ নির্বাচন এবং সালাউদ্দিন কাদেরের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বড় নেতারা কোনো মন্তব্য করা বা মোবাইল ফোন ধরা থেকে বিরত থাকছেন।

“কেন্দ্রীয়ভাবে কোনো বক্তব্য না আসায় কোনো নেতা আগ বাড়িয়ে মন্তব্য করার চেয়ে নীরবতাকেই ভালো মনে করছেন,” বলেন এক নেতা।