শাবিতে ছাত্রলীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
সিলেটে ছাত্রলীগের এক নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনের নেতাকর্মীদের একাংশ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এই ঘোষণা দেন।
মো. নাঈম হাসান নামের ওই নেতা সিলেট বিভাগ কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বরত সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা।
তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা দুপুরের পর ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে সমাবেশ করে।
অবাঞ্ছিত ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. নাঈম হাসান কিছু বলতে অস্বীকৃতি জানান।
