২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার রায়: চট্টগ্রামে হরতাল ডেকেছে বিএনপি

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রত্যাখান করে বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে হরতালের এই ঘোষণা দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিচার প্রহসনমূলক।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার দুপুরে সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে। হত্যা, গণহত্যা, লুটপাট, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে। 

ট্রাইব্যুনালে বিচারের সময় সালাউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষ্য দেয়ার পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন শাহাদাত হোসেন।

তিনি বলেন, এই ‘প্রহসনের’ রায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির পক্ষে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।