'সত্যের জয় হয়েছে'
যুদ্ধাপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধাদের এ সংগঠনের সহসভাপতি কে এম শফিউল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছে তখনই জানতাম সত্যের জয় হবেই। তার অন্যায়ের জন্য তাকে আদালত যে সর্বোচ্চ দণ্ড দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।”
একাত্তরে চট্টগ্রামে হিন্দু, আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ নিধনে অংশ নেয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ে সত্যের জয় হয়েছে বলে মনে করেন এই সেক্টর কমান্ডার।
বর্তমান সরকারের মেয়াদে রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “যতো দ্রুত সম্ভব রায় কার্যকর করতে হবে। যতো অপরাধী আছে তাদের শাস্তি দেয়ার পরই আমরা জনগণের কাছে যেতে পারবো।”
