রায়ের পর রাঙ্গুনিয়ায় ‘সাকাপন্থীদের’ হামলা
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর তার অনুসারী ছাত্রদল ও যুবদলকর্মীরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়ায় চারটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে।
রায় ঘোষণার পর মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ডিসি সড়কে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এ সময় যুবদল ও ছাত্রদলকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এছাড়া ঘাটচেক এলাকায় একটি সিএনজি অটোরিকশাতে আগুন দিয়েছে সাকার অনুসারীরা।
স্থানীয় এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ঘাটচেক নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে সাকার অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন লোক এসে গাছ ফেলে দ্রুত পালিয়ে যায়। তবে এতে যানবাহন চলাচলে কোন বিঘ্ন হয়নি।
যুদ্ধাপরোধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সাকা চৌধুরী এ এলাকার সাবেক সাংসদ ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।
