সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ
সিরাজগঞ্জ শহরের একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শহরের রামগাতিঁ শিতলী মাতা মন্দিরের প্রতিমা ভাংচুর করে এবং আগুন দেয়।
এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-কড্ডা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ জানায়, কে বা কারা রাস্তায় পাশে অবস্থিত শিতলী মাতা মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
খবর পেয়ে পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা মন্দির পরিদর্শন করেন।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মন্দিরের সামনে সিরাজগঞ্জ-কড্ডা সড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
সদর থানা ওসি হাবিবুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
