ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সংগঠক মারুফ রসুলসহ শ’খানেক নেতাকর্মী মঙ্গলবার সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সালাউদ্দিন কাদেরের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগন দেন।
সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, যার মধ্যে হত্যা, গণহত্যার মতো অপরাধ রয়েছে। এখন তার বিরুদ্ধে দণ্ড ঘোষণার অপেক্ষা।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সময়েও সাকা চৌধুরী নানাভাবে বিচারকদের হেয় করেছেন। আমরা বিশ্বাস করি, আজ জনগণ ন্যায় বিচার পাবে। আমরা সর্বোচ্চ শাস্তির যে দাবি করেছি তা পাবো।”
সালাউদ্দিন কাদেরের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের দায়ে প্রথম কোনো বিএনপি নেতার বিচার হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইমরান বলেন, “কে বিএনপি, কে জামায়াত-এটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেছি।”
গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর শাহবাগে ক্ষুব্ধ ছাত্র-জনতার সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চ গড়ে উঠে। যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।
