২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রমাগতভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কবি নূরুল হুদা’

জন্মদিনে ভক্ত আর কবিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘জাতিসত্তার কবি’ মুহম্মদ নূরুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 01:31 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

কবির কণ্ঠে কবিতা পাঠ ও আলোচনার মধ্য দিয়ে সোমবার জন্মদিন উদযাপন করে মুহম্মদ নূরুল হুদার ৬৫তম জন্মদিন উদযাপন পর্ষদ।

শাহবাগের গণগ্রন্থাগার সেমিনার কক্ষের দোতলায় সোমবার বিকালে হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে কবি সৈয়দ শামসুল হক বলেন, “নূরুল হুদা এদেশের কবিতার মানচিত্র বদলেছেন। একজন কবি একদিন জন্ম নেন না, প্রতিদিন যখনি তিনি কলম ধরেন, তখনি তার নবজন্ম হয়। নূরুল হুদা ক্রমাগতভাবে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন। তিনি কোথায় পৌঁছাবেন, সেটা দেখবার সময় রয়েছে।”

বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ বলেন, “১৮ বছরের যে যুবককে একদিন ঢাকা কলেজের ক্লাসরুমের মধ্যে পেয়েছিলাম, সে আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ভালো লাগছে। হুদা তুমি হাজার বছর বাঁচো।”

লেখক আনোয়ারা সৈয়দ হক বলেন, “সব দেশে কবি থাকে। আমাদের দেশেও অনেক কবি আছেন। তারা প্রতিদিন অনেক কবিতা লেখেন। কিন্তু নূরুল হুদা এদের মাঝে নিজের স্বকীয়তা টিকিয়ে রেখেছেন।”

তরুণ কবিদের পথচলায় নূরুল হুদার প্রেরণা ও সহযোগিতা পাওয়ার কথা বলেন কবি আসলাম সানী।

কবি মনিরুজ্জামান বলেন, “তিনি বাংলা সাহিত্যের প্রমিথিউস কবি। আমার মতো অনেকের কাছেই তিনি আদর্শ।”

তিনি কবি নূরুল হুদাকে নিয়ে নিজের রচিত কবিতা পাঠ করেন।

নিজের কবিতা নিয়ে মুহম্মদ নূরুল হুদা বলেন, “মানুষের দুঃখকষ্ট, অপূর্ণতা, বিত্তবৈভব বা চিত্তসৌন্দর্য দেশকাল ও সীমানা পেরিয়ে আমার লেখার নিরীক্ষাপ্রবণ কারণ হয়ে ওঠে। এই নান্দনিক ও মানবিক সৌন্দর্যের অন্বেষণই আমার এই সময়ের লেখালেখির মুখ্য উৎস।

“আমি যেমন চলছি একলা, তেমনি চলছি সকলের সঙ্গেও। যে ডাক শোনে তার সঙ্গে আমি তো অবশ্যই আছি, যে ডাক শোনেনি, তার সঙ্গেও আমি বিযুক্ত নই। আসলে এই যুক্ততাই আমার লেখালেখির আসল মুক্ততা।”

কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী, আবু হাসান শাহরিয়ার, আসাদ মান্নান, রবীন্দ্র গোপ, আসাদুল্লাহ, টোকন ঠাকুর, রাজু আলাউদ্দিন, সৈয়দ ইকবাল, নিষাদ খান, বিরু কবীর, বিমল গুহ, প্রকাশক রবিন আহসান, সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

আমন্ত্রিত কবিরা অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। এসময় তারা কবিতে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং জন্মদিনের কেক কাটেন।

আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুহম্মদ নূরুল হুদার ৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারও।

দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে কবির উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীও ছিলেন।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার পোকখালী গ্রামে জন্মগ্রহণ করেন মুহম্মদ নূরুল হুদা। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, মেধাস্বত্ব, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও রয়েছে তার বিচরণ।

তিনি বাংলা একাডেমীর ফেলো, আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য।

ইংরেজি ছাড়াও বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে নূরুল হুদার কবিতা।

কবির উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- জন্মজাতি, মৈনপাহাড়, ব্যাঙ কুমার, চাঁদের বুড়ো চাঁদের বাড়ি, ছোটদের বেগম রোকেয়া, ছোটদের মাইকেল মধুসূদন দত্ত, ছোটদের রবীন্দ্র জীবনী, ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, দেখা হলে একা হয়ে যাই, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, সাত্ ও অন্যান্য, সাত ভাই চম্পা, তুমি যদি জালদাস আমি জালদাসী, শুক্লা শকুন্তলা, আমি একটি খাস প্রজাপাত্র চাই, শোভাযাত্রা দ্রাবিড়াভ প্রতি, মাটির নিচে, কাঠ কয়লা হাজার বছর কাতর, আমরা তামাটে জাতি, বার বছরের গল্প, তেলাপোকা ইত্যাদি।