‘বিদেশে চাকরির নিবন্ধনে অতিরিক্ত টাকা’
বিদেশে চাকরির নিবন্ধনের জন্য গাজীপুরে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদেও এ নিবন্ধন চলছে।
সরেজমিনে দেখা গেছে, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের পরিচালক (উদ্যোক্তা) মো. ওসমান খান প্রতিটি ফরম পূরণের জন্য তিনশ’ থেকে সাড়ে তিনশ’ করে টাকা নিচ্ছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার জানান, সরকারি নিবন্ধন বাবদ ১৫০ টাকা এবং ফরম পূরণে সহায়তা করার জন্য আরো ১০০ টাকা নেয়ার নিয়ম থাকলেও এর অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নেই।
স্থানীয় বড়গাঁও গ্রামের মোক্তাজুল বলেন, তার কাছ থেকে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের পরিচালক পরিষদেরই চৌকিদার শ্যমলের মাধ্যমে ফরম পূরণ করে তিনশ’ টাকা নিয়েছেন।
চৌকিদার শ্যামল চন্দ্র টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, সব খরচসহ প্রতিটি ফরম পূরণে সাড়ে তিনশ’ টাকা দরকার হয়, যা ওসমান সাহেবও জানেন।
অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে মো. ওসমান খান বলেন, যারা নমুনা ফরমে তথ্য লিখে দিয়েছে তারা নিলে কিছু করার নেই।
এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও কামরুল আহসান।
